

লিটন প্রধান স্টাফ রিপোর্টার।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পঞ্চগড়ে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম মোর্শেদ, সিনিয়র সাংবাদিক ও দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সাখাওয়াত হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ামিন আরা ফেরদৌস, সহকারী শিক্ষক, দেবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এবং আসাদুল্লাহ আজাদ, প্রধান শিক্ষক, ছত্র শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখা।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনাদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাঁর বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক ভাবধারা শিক্ষার্থীদের সৃজনশীল ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা ও ছড়া আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর হয়ে ওঠে উৎসবমুখর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবু বকর সিদ্দিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দেবীগঞ্জ উপজেলা।
আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করা, তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।
