ঢাকা
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৭
প্রকাশিত : আগস্ট ১, ২০২৬
আপডেট: আগস্ট ১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১, ২০২৬

সৈয়দপুর মাদকের বিরুদ্ধে আলেম সমাজ মাঠে ওলামায়ে আহলে সুন্নাতের মাদকবিরোধী সভা

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মাঠে নামছে বিভিন্ন মসজিদের সুন্নী ইমাম, খতিব, আলেম, হাফেজ ও মুয়াজ্জিনদের সংগঠন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এ লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার  রাতে শহরের গোলাহাট এলাকার মাদ্রাসা ফায়জে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সেই সাথে গোলাহাট নতুন ক্যাম্পে মাত্রাতিরিক্ত মাদকের বিস্তার রোদ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জোর দাবী জানানো হয।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামায়ে আহলে সুন্নাতের সভাপতি ও খানকাহ কাদেরিয়া তেগীয়া দরবারে সুফিয়ার গাদ্দীনশীন পীরে তারিকত হাফেজ মাওলানা রিজওয়ান আল কাদেরী। সভাপতিত্ব করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং বায়তুল মেরাজ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি শাহজাদা হোসেন আশরাফী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার রিজভী, দপ্তর সম্পাদক ও আলমপ্রেস জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল আত্তারী এবং সাংবাদিক নওশাদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাহাট নতুন ক্যাম্পের ইনচার্জ মো. জামাল, আব্দুল হালিম, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী।

আলোচনা সভা থেকে মাদকবিরোধী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, জুমার খুতবায় মাদকের কুফল ও প্রতিরোধ বিষয়ে বয়ান প্রদান, বিভিন্ন খেলার মাঠকে জুয়ামুক্ত করতে সচেতনতামূলক উদ্যোগ, মহল্লাভিত্তিক পথসভা, মাদকবিরোধী আলোচনা সভা, শিক্ষার্থী ও তরুণদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান এবং প্রয়োজন হলে মানববন্ধনসহ শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন।

বক্তারা বলেন, বর্তমানে গোটা সৈয়দপুরে মাদকের ভয়াবহ বিস্তার সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। উদ্বেগজনকভাবে অনেক কিশোর-তরুণ মাদকের নেশায় জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগও রয়েছে। এ পরিস্থিতিতে সমাজের নৈতিক অবক্ষয় রোধে আলেম সমাজ নীরব থাকতে পারে না। মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। প্রতিটি মসজিদের ইমাম ও খতিব নিজ নিজ খুতবা ও ওয়াজ-মাহফিলে মাদকের ভয়াবহতা তুলে ধরবেন এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করবেন।

সভার আয়োজক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শাহজাদা হোসেন আশরাফী বলেন, আলেম সমাজ শুধু মসজিদের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের যেকোনো অন্যায়, অবিচার ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনে রাজপথেও সোচ্চার হতে প্রস্তুত। সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাদকবিরোধী ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ, ধাপে ধাপে মাঠে নেমে আমরা জনসচেতনতা সৃষ্টি করব এবং প্রয়োজন হলে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচিও পালন করা হবে।

তিনি আরও বলেন, যেসব খেলার মাঠে শিশু-কিশোরদের খেলাধুলা করার কথা, সেখানে কোথাও কোথাও জুয়ার আসর বসছে। এসব অপতৎপরতার বিরুদ্ধেও আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমাদের লক্ষ্য একটাই সৈয়দপুরকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা।

সভা শেষে দেশ, জাতি এবং মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সৈয়দপুর গড়ার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram