

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী "স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ" শীর্ষক সেমিনার ও প্রদর্শনী।
বৃহস্পতিবার (১১ জুন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
আগামী ১২ জুন পর্যন্ত এই প্রদর্শনী ও সেমিনার চলবে।
উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মো. মাহমুদ আল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. মাহমুদ আল হাসান বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় পর্যায়ে লাগসই প্রযুক্তির উদ্ভাবন ও তার সঠিক সম্প্রসারণ অত্যন্ত জরুরি। আমাদের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএসআইআর-এর আইএনএআরএস-এর সাইন্টিফিক অফিসার জনাব মো. রিপাজ উদ্দিন। তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির কার্যকারিতা ও এর বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সেমিনার ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও জীবনযাত্রার মান বাড়ানোর ওপর জোর দেন।
দুই দিনব্যাপী এই সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
