

দৈনিক আজকাল বাংলা:
নীলফামারীর সৈয়দপুরে দেশীয় পণ্যের প্রসার ও গ্রামীণ ঐতিহ্যের সুরক্ষায় শুরু হয়েছে মাসব্যাপী ‘গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬’
গতকাল ২৬ মে (মঙ্গলবার) রাত ১০টায় সৈয়দপুর বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত সেনানিবাসের ফেয়ার পার্ক প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সকরকার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি পণ্য ও হস্তশিল্পের ব্যাপক প্রচার ও প্রসারে এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।" তিনি মেলার সার্বিক সাফল্য কামনা করেন এবং দেশীয় পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, মেলার আয়োজন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মেলার আয়োজক এসএম রাশেদ ও আজগার আলী জানান, মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ ও কুটির শিল্পের নানা ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্থান পাওয়া স্টলগুলোতে মিলছে:-
মাটির তৈরি দৃষ্টিনন্দন তৈজসপত্র, হস্তশিল্প ও চমৎকার কারুপণ্য, বাহারি ডিজাইনের পোশাক ও মেয়েদের অলংকার,গৃহসজ্জার নান্দনিক সামগ্রী, মুখরোচক হরেক রকমের খাদ্যপণ্য।
ব্যবসায়িক স্টলের পাশাপাশি মেলায় আসা শিশুসহ সব বয়সী দর্শনার্থীদের বাড়তি বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন আকর্ষণীয় রাইডসের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রয়েছে মেলার প্রধান আকর্ষণ দি রওশন সার্কাস ও মোটরসাইকাল ও কার খেলা। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
