

মো. ফোরকান, বাউফল পটুয়াখালী:
র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানী, কর্তৃক যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতয়ালী মডেল থানা এলাকা থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৮।
শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮, সদর ব্যাটালিয়ান কর্তৃক যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদকে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন মোঃ ইউসুফের দোকান বেল্লাল টি এন্ড ফ্রেশি জুস-এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিয়াজ মোর্শেদ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার বাসিন্দা মৃত আনিসুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মামলার বাদী মোসাঃ আহানারা বেগম (৬০) এর ভাই ভিকটিম ভাই আবুল বাশার ওরফে আবু বেপারী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সুবিদখালী বাজারে মেসার্স আল্লাহর দান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী।বিবাদীরা এলাকার দুর্ধর্ষ মাস্তান, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। আবু বেপারীর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল আবিদ কেনাডিয়ান ইউনিভার্সিটি ঢাকাতে এলএলবি ২য় বর্ষের ছাত্র। মাঝে মাঝে সে বাড়িতে এসে তার পিতার ব্যবসার কাজ দেখাশুনা করে।
গত ২০ সেপ্টেম্বর সে বাড়িতে আসে এবং তার পিতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স আল্লাহর দান ট্রেডার্স নামে দোকানে বসে ব্যবসায়ীক কার্য পরিচালনার সময় এজাহারনামীয় সকল আসামীরা বাদীর ভাইয়ের দোকানে গিয়ে বাদীর ভাইয়ের ছেলে আবিদকে বলেন যে, বিবাদীরা এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করতেছে। বিবাদীদেরকে ১০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে। তখন বাদীর ভাইয়ের ছেলে আবিদ বলেন তার কাছে কোন টাকা নাই। তখন এজাহারনামীয় আসামীরা জানায় তারা ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার সময় তাদের বাসায় চাঁদার টাকা নিতে যাবে। পরবর্তীতে ঘটনার বিষয়টি বাদীর ভাইয়ের ছেলে আবিদ বাদীসহ তার পিতা আবু বেপারী ও পরিবারে আত্মীয় স্বজনদের জানায়।
আসামীগণ ২৭সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার সময় মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী মাছ বাজার সংলগ্ন বাদীর ভাই আবুল বাশার ওরফে আবু বেপারীর ভবনের ৪র্থ তলার বাসায় যায়। বিবাদীরা চাঁদার ১০ লক্ষ টাকা দাবী করে। তখন ১ ও ২নং আসামী হাতে থাকা চাকু দিয়ে চাঁদার দাবিতে বাদীর ভাইয়ের ছেলে ও মেয়েকে ভয়ভীতি দেখায়। তখন বাদীর ভাইর ছেলে আবিদের নিকট ভার্সিটির সেশন ফি বাবদ ঘরে থাকা ১লক্ষ টাকা প্রাণ ভয়ে চাঁদা হিসেবে আসামীদের দিয়ে দেয়। বাকি ৯লক্ষ টাকা চাঁদা দাবি করাকালে বাদীর ভাইয়ের ছেলে বলে তার কাছে আর কোন টাকা নাই।
বিবাদীরা আবিদকে ও তার বোন সাফাকে মারপিট করে এবং ভয়ভীতি দেখিয়ে সোকেজের ড্রয়ারের লক ভেঙ্গে ভিতরে থাকা ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন যাহার আনুমানিক মূল্য ৬০হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এঘটনায় পরবর্তীতে বাদী থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য বিএমপি, বরিশাল, কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
