শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ।। কক্সবাজারের চকরিয়া বদরখালী এলাকার দুর্ধর্ষ ডাকাত ও দশ মামলার পলাতক আসামী সাহাব উদদীন চকরিয়া থানা পুলিশের হাতে আটক হওয়ার পর পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তাকে পুনরায় আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল কাদের ভুইয়া।
গত শনিবার ২১ অক্টোবর দুপুরে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া থানার অপারেশন অফিসার মোস্তাকিনের নেতৃত্বে একদল পুলিশ বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনা এলাকায় অভিযান চালায়।
এসময় আটক করা হয় স্থানীয় আব্দুল করিমের ছেলে দুর্ধর্ষ ডাকাত সাহাব উদদীনকে। আটকের কিছুক্ষণ পর কৌশলে পালিয়ে যায় সাহাব উদদীন।
পুলিশের দাবী, সাহাব উদদীন বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তাকে আটক করা হলেও পুলিশ ফোর্স কম থাকায় পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল কাদের ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত সাহাব উদদীনকে আটক করা হয়েছিল।
তবে, সেই সময় পুলিশ ফোর্স কম থাকায় সাহাব উদদীন পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মনজুরুল কাদের ভুইয়া।
ইতোপূর্বেও একাধিকবার পুলিশের হাতে আটক হয়ে জেলখেটেছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

