

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়ার আরিফ খাঁ বাসুদেবপুর এলাকায় চালিয়ে জুয়ার আসর থেকে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। সোমবার রাত পৌনে ১টার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনারুল ইসলাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ওরফে শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে জুয়ার আসর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আনারুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে।
ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে জুয়ার এই অবৈধ কারবার পরিচালনা করা হচ্ছিল। আইন অমান্যকারী ও অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না। আটককৃত আনারুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
