

সৈয়দপুর প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম জশনে জুলুসে নেতৃত্ব দিতে আগামী ২৫ আগস্ট দুপুর ৩টায় একটি বেসরকারি বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন পীরে তরিকত সৈয়দ শাহ আহমদ জামাল আশরাফ আশরাফী আল জিলানী।(ভারত)
জানা গেছে, দীর্ঘ তিন বছর পর পীরে তরিকত সৈয়দ শাহ জামাল আশরাফী আল জিলানী সৈয়দপুরে আগমন করবেন। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে তাঁর সৈয়দপুর আগমনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর আগমন উপলক্ষে ভক্ত, মুরিদান ও অনুসারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আগামী (২৬ আগস্ট) জশনে জুলুসে তাঁর নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ ও অনুসারীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জশনে জুলুসকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগত মুসল্লি ও অংশগ্রহণকারীদের সুবিধা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রয়েছেন।জশনে জুলুসকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে।
পীরে তরিকত সৈয়দ শাহ জামাল আশরাফী আল জিলানীর আগমন এবং তাঁর নেতৃত্বে জশনে জুলুসকে ঘিরে সৈয়দপুরে ধর্মীয় আবহ তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ জামাল আশরাফ জিলানী জানান,জশনে জুলুস শুধু একটি আনন্দ শোভাযাত্রা নয়। এটি প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.)-এর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আমরা চাই, এই আয়োজনের মাধ্যমে মানুষের হৃদয়ে নবীপ্রেম, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও গভীর হোক। সবাইকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বজায় রেখে জশনে জুলুসে অংশগ্রহণের আহ্বান জানাই।
আয়োজকদের প্রত্যাশা, শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের জশনে জুলুস অনুষ্ঠিত হবে।
