

মো. জাহিদ হাসান রাতুল, মাদারীপুর:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ সংসদীয় আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসেবে এই আসনে প্রচারণায় অংশ নিচ্ছেন ইসলামী বক্তা মাওলানা আলী আহমদ চৌধুরী।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান রাখবেন। দলীয় সূত্র জানায়, মাওলানা আলী আহমদ চৌধুরী বর্তমানে মাদারীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা কার্যক্রম, ওয়াজ-মাহফিল ও সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বিভিন্ন সামাজিক ও নৈতিক বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। এলাকাবাসীর একটি অংশ জানান, দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর দাদা জি ডব্লিউ চৌধুরী পাকিস্তান আমলে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এছাড়া তাঁর এক ফুফা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। বর্তমানে মাদারীপুর-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওলানা আলী আহমদ চৌধুরী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য উঠান বৈঠক ও জনসংযোগ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
