মির্জাগঞ্জে ডিলারের কারসাজিতে সরকারি চালের বস্তা বদল’মজুদকৃত চাল জব্দ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি বস্তাবদল করা মজুদকৃত চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা নামক স্থানে ঘটনা ঘটে।

এ ঘটনায় সরকারি চাল জব্দ হলেও লাপাত্তা সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার শফিকুল ইসলাম গাজী।

জানা যায়, ডিলারের কারসাজিতে দিনের পর দিন সরকারি চাল বস্তাবদল করে খোলাবাজারে মিনিকেট হিসেবে বিক্রি করে আসছিলো একটি চক্র।

মঙ্গলবার বিষয়টি উপজেলা প্রশাসন খবর পেয়ে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামের দিনমজুর শাহিন হাওলাদারের বসত ঘরে সরকারি চাল বস্তাবদল করে খোলা বাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছে।

এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটানাস্থলে গিয়ে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চাল ওই দিনমজুরের ঘরে পান। এতো চাল একসাথে তার ঘরে কিভাবে জানতে চাইলে শাহিনের স্ত্রী শেফালী বেগম প্রশাসনকে বলেন, ওই চাল সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার শফিক গাজী তাদের বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করেন।

এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট সাবেক ইউপি সদস্য সত্তার হাওলাদার বলেন, গত মার্চ মাসের বরাদ্দকৃত চাল মজুদ করা থাকলেও অনেক সুবিধাভোগী কার্ড নিয়ে এসে ফেরত চলে গেছেন তারা চাল পাননি, অথচ ওই চাল গত রমজানে বিতরণ করার কথা ছিলো কিন্তু বিক্রির জন্য ডিলার মজুদ করেছেন।

আমরা স্থানীয়রা উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। তবে সংশ্লিষ্ট ডিলার ফোনালাপে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত চাল উপজেলা পরিষদের একটি কক্ষে রাখা হয়েছে, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *