ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি’গ্রেপ্তার-২

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে অপহরণ করার ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

শনিবার দুপুরে (৭ ডিসেম্বর) অপহৃত ব্যবসায়ী শাহ আলম বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন।

এঘটনায় সদর উপজেলার বাসিন্দা কাউছার হোসেন ও রবিউল ইসলাম সানিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে গ্রেপ্তার দুই আসামিকে আটক করে পুলিশ। শুক্রবার রাতেই উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ী শাহআলমকে।

পুলিশ ও অপহৃত ব্যবসায়ী শাহ আলম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ঝুমুর সিনেমা হল এলাকা থেকে ফল কিনে আত্মীয়ের বাড়িতে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী শাহ আলম। এসময় অপহরণকারী চক্রের সদস্য কাউছার হোসেন ও রবিউল ইসলাম সানিসহ চারজন ব্যবসায়ী শাহ আলমের মুখ চেপে ধরে অটোরিকশায় তুলে নেয়।

এসময় তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। এছাড়া বিকাশ ও নগদের পিন কোড নিয়ে টাকাও উত্তোলন করে চক্রটি। এক পর্যায়ে সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় নিয়ে শাহ আলমকে মারধর করে পরিবারের কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এসময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ঝড়ো হয়ে দুইজনকে আটক করে। অপর দুইজন পালিয়ে যায়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনসহ অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরা অপহৃত চক্রের সদস্য বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *