ফলোআপ-টেকনাফে সমুদ্রে নিখোঁজ সেই দুই শিশুর মরদেহ উদ্ধার

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ।। কক্সবাজারের টেকনাফ সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনের মৃত্যু হলো।

সোমবার (২৫ নভেম্বর) সকালে টেকনাফ সমুদ্র সৈকতের তুলাতলী পয়েন্টে নজরুল ইসলাম (১২) এর মরদেহ এবং সৈকতের লম্বরী পয়েন্ট থেকে মো. বাবুল (১০) এর মরদেহ উদ্ধার করে স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন। এর আগে গত রবিবার সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল। নিহতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১০)।

এসময় পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌ বাহিনী উদ্ধার অভিযান চালিয়েও রবিবার উদ্ধার করতে পারেনি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *