জাহিদুল হাসান জাহিদ, বার্তা সম্পাদক।। নীলফামারীর সৈয়দপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় ১১ জন কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর রাত থেকে বুধবার (২৩ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক, মোবাইল চোর, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মাদক ব্যবসায়ী রাজনবী (২৫), হাসান (২৭), মোবাইল চোর সিন্ডিকেট সদস্য শরিফুল (২০), মোকসেদুল (২০), নাজমুল (১৮), মজিদুল (২৪), সাইকেল চোর নওশাদ (৩৩), গত ০৪ আগস্টে বৈষম্য-বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হাই (৬০), পারিবারিক আইনে মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. পারভেজ (৫৫), পলাতক আসামী আনিছুর রহমান (৪৫) ও অপূর্ব চন্দ্র রায় (২৪)।
তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে। অভিযানে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোটর সাইকেল, গরু ও রিকশা ভ্যান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গোটা শহরে টহল বৃদ্ধি করেছে।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত রাখা হয়েছে। এসময় তিনি আরও জানান, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবেনা।

