

বার্তাকক্ষ,আজকাল বাংলা।।
সৈয়দপুর নিচুকলোনি এলাকায় মাদক ও চুরির উপদ্রব বৃদ্ধির প্রতিবাদে নিচুকলোনি প্রাঙ্গণে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শুক্রবার(২অক্টোবর) রাত ৯টায় নিচুকলোনি মাঠে অত্রএলাকার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. ইমরান বিন রুস্তম -এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সৈয়দপুর থানা ইনচার্জ(ওসি) রেজাউল করিম রেজা, সৈয়দপুর মাদক নির্মুল কমিটির আহবায়ক মো.এরশাদ হোসেন পাপ্পু,এ্যাড.গোলাম রাব্বানী। এছাড়াও এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন,৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আাবু সরকার,আজকাল বাংলার বার্তা সম্পাদক জাহিদুল হাসান জাহিদ,মোবারক হোসেন,মো.নুরুল আমিন.খাইরুল বাসার ও আয়োজক কমিটির সদস্য আমিনুল ইসলাম আকাশ,সজীব, ও সঞ্চালক ইমরান।
বক্তারা বলেন, মাদক কারবারি ও চোরদের সিন্ডিকেটের কারণে নিচুকলোনির সামাজিক পরিবেশ ও বাসাবাড়ির নিরাপত্তা আজ হুমকির মুখে। সম্প্রতি হাতেনাতে ধরা পড়া চোরের তথ্য অনুযায়ী, মূল অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু সাময়িক অভিযান নয়, মাদকের মূল উৎপাটন ও চোর চক্র দমনে প্রশাসনের স্থায়ী ও কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।
মাদক ও চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের শপথ নিয়ে সমাবেশটি শেষ হয়। পরে মাদক নিরমুল কমিটির ২৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন হয়।
