

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত নবীন সনদপ্রাপ্ত কর আইনজীবীরা সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তারা সৈয়দপুর সার্কেলের উপ-কর কমিশনারের সঙ্গেও পেশাগত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভাটি সৈয়দপুর সার্কেলের উপ-কর কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৈয়দপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মান্নাফ নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আয়কর বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সাধারণ সম্পাদক মো. খালিদ ইকবাল নতুন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।
পরে নবীন আইনজীবীদের সম্মানে সৈয়দপুর শহরের একটি অভিজাত হোটেলে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী আইনজীবীরা পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী ট্যাক্সেস বারের নতুন সদস্য পলাশ কুণ্ডু, দিনাজপুর ট্যাক্সেস বারের নতুন সদস্য মাসুদ রনি, রংপুর ট্যাক্সেস বারের নতুন সদস্য ইমরান এবং ঢাকা ট্যাক্সেস বারের নতুন সদস্য আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
উল্লেখ্য, উপস্থিত নবীন আইনজীবীরা সৈয়দপুর ট্যাক্সেস বারের নতুন সদস্য হিসেবে যোগদান এবং নিয়মিত আয়কর ও আইন পেশা পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
