

আজকাল বাংলা:
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ খুলতে রাজি হননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাস।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান বিসিসিআই প্রধান। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বাংলাদেশ ইস্যু নিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। তবে তা বার বার এরিয়ে গেছেন মিথুন মানহাস। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’
সূত্রের দাবি, বাংলাদেশ ইস্যুতে এই নীরবতা বিসিসিআইয়ের কৌশলগত অবস্থান। অফিসিয়ালি আইসিসির বিবৃতির আগে কিছুই বলতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগে, বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরই বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানায়, তারা ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।
তবে এখনও বিশ্বকাপে খেলার জন্য চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে যাবো। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করবো এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’
